ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন সূচকে ওঠানামা নিয়ে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হলেও দিন শেষে সূচক কমেছে একশ’ পয়েন্টেরও বেশি।
রোববার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টায় ডিএসই সাধারণ সূচক ওঠানামা চলে। তবে বেলা সাড়ে ১২টা থেকে সূচক কমতে শুরু করে। লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ৫৪২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় প্রায় ১০৩ পয়েন্ট বা ২ দশমিক ২৩ শতাংশ কম।
হাতবদল হয় প্রায় ৫২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২২টি শেয়ারের, কমে ২৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৩টির দাম।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৮৫১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫০০ ঘ.
bdnews24