২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবেঞ্চারের তথ্য নেই ডিএসই কর্তৃপক্ষের কাছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ডিবেঞ্চারগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ফারহান ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ডিবেঞ্চারগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা, সভাপতি এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি কেউই এ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। ডিবেঞ্চারগুলো সম্পর্কে জানতে চাইলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ডিবেঞ্চারের বিষয়ে কিছু জানি না। প্রধান অর্থ কর্মকর্তা এ বিষয়ে জানেন।” ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কাছে এসব তথ্য থাকে না।” আগের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমানও তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই জানিয়ে খবর নিয়ে পরে জানানোর কথা বলেন। ডিএসই জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বৃহস্পতিবার বলেন, “আমি খবর নিয়েছি, কিন্তু সঠিক কিছু বলতে পারছি না। মনে হয় এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, তবে ব্যবস্থাপনার কাছে অবশ্যই এ তথ্য থাকা উচিৎ।” ডিএসইতে এখন আটটি ডিবেঞ্চার তালিকাভুক্ত আছে। এগুলো হলো, বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ডেনিম, বেক্সিমকো ফিশারিজ, বেক্সিমকো নিটিং ও বেক্সিমকো টেক্সটাইল, এরামিট সিমেন্ট, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ, বিডি অয়েল্ডিং লিমিটেড ও বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ। ডিবেঞ্চার এক ধরনের ঋণপত্র যার মাধ্যমে প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের কাছ ডিবেঞ্চারের অভিহিত মূল্য তুলে নেয়। প্রতিষ্ঠানটি প্রতি বছর সুনির্দিষ্ট সুদ এবং মেয়াদ শেষে অভিহিত মূল্যের সমপরিমাণ টাকা বিনিয়োগকারীকে দিতে বাধ্য থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৮৩১ ঘ.