ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পুঁজিবাজারে বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মনে করেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার।
বুধবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নেতাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন আইনের যথার্থ প্রয়োগ নিশ্চিত করলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়ে বিনিয়োগে উৎসাহিত হবেন।”
ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা ব্রিটিশ হাইকমিশনারকে ডিএসইর সংস্কার তথা ডিমিউচ্যুয়ালাইজেশন, সূচক, সার্ভিল্যান্স ইত্যাদি বিষয়ে অবহিত করেছি। তিনি ডিএসইর আইটি, ট্রেনিং একাডেমি, একটি ব্রোকার হাউজ ও বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।”
এ সময় লন্ডন স্টক এক্সচেঞ্জের সঙ্গে কৌশলগত অংশিদার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন রকিবুর রহমান।
লন্ডনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে এগিয়ে আসার অহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/২৩০১ ঘ.
bdnews24