ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমেছে ৩৯ পয়েন্ট; লেনদেন হয়েছে আগের দিনের থেকে ৬৫ কোটি টাকা বেশি।
বুধবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই সূচক উঠতে শুরু করে। তবে দুই ঘণ্টার পর থেকে সূচক নামতে থাকে।
দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৬৬৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কম।
এদিন হাতবদল হয় ১ হাজার ৪৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৮১টি শেয়ারের, কমে ১৭৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচকে যোগ হয় ১১৭ পয়েন্ট। ৯৭৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়।
এর আগে সোমবার ডিএসই সূচক ৩৬ পয়েন্ট বাড়লেও রোববার ১৩৭ পয়েন্ট কমে যায়।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয় ১ হাজার ১১৭ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫১৫ ঘ.
bdnews24