ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডায় বসবাসরত বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য একটি রোড শো আয়োজন করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ।
মঙ্গলবার বাংলাদেশে কানাডার হাইকমিশনার হেদার ক্রুডেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা কানাডার টরেন্টো স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছি। একই সঙ্গে সেখানে বসবাসরত বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য একটি রোড শো আয়োজনের কথাও বলেছি।”
হেদার ক্রুডেন বলেন, বাংলাদেশ এবং কানাডার মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১০৬ কোটি ডলার। কানাডা এরই মধ্যে বাংলাদেশের গণতন্ত্র, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি ডিএসইর বিভিন্ন বিভাগ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬৫০ ঘ.
bdnews24