ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত জানায়নি নিয়ন্ত্রণ সংস্থা এসইসি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বৈঠক শেষে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন সাংবাদিকদের বলেন, “স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে আমরা সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি। এসব সমস্যা সমাধান করে একটি শক্তিশালী পুঁজিবাজার গঠনে আমরা সম্মত হয়েছি।”
এর বেশি কিছু বলতে রাজি হননি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যান। সভার সিদ্ধান্ত কমিশন মুখপাত্র সাইফুর রহমান ও অন্য স্টেক হোল্ডাররা জানাবেন- এটুকু বলেই তিনি সভাকক্ষ ত্যাগ করেন।
তবে সভার কোনো সিদ্ধান্তই সাংবাদিকদের জানাতে পারেননি সাইফুর।
সভায় কী সিদ্ধান্ত হল- সাংবাদিকরা তা জানতে চাইলে তিনি বলেন, “বাজারে বিভিন্ন গুজব রয়েছে এবং বিভিন্ন পক্ষ থেকে কথা বলা হয়েছে, সে সব নিয়ে আমরা আলোচনা করেছি। তারল্য সঙ্কট ও আস্থার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।”
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমিন বলেন, “সবাই মিলে কীভাবে বাজারটাকে উপরে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।”
তখন এক সাংবাদিক জানতে চান- ব্যাংকগুলো বাজার থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছে, এর আগেও আপনার বলেছেন বিনিয়োগ বাড়াবেন, কিন্তু তারপরও দেড় হাজার পয়েন্ট সূচক কমল কেন?
নুরুল আমিন বলেন, “আমরা বাজারে সাপোর্ট দিচ্ছি। সব ব্যাংক বায়িং মুডে আছে।”
বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ব্যাংকগুলো কত টাকার শেয়ার কিনেছে- তা জানতে চাওয়া হলে এর কোনো উত্তর দেননি এবিবি সভাপতি।
নুরুল আমিনের পর কথা বলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ।
তিনি বলেন, “বাজারের বটম লাইন কোথায়, তা কেউ জানে না। কিন্তু এখানেই বাজারের বটম লাইন রয়েছে। সামনে অনেক কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসবে।”
হাফিজ বলেন, “এসইসিকে না জানিয়ে সরকার ও বেসরকারি পর্যায় থেকে কোনো ধরনের বক্তব্য বা সিদ্ধান্ত যেন না দেওয়া হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে বলেছি আমরা।”
দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈঠকের ফলাফল কী- জানতে চাওয়া হলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বলেন, “মিটিং করে করেই শার্প ফল ঠেকানো গেছে। অনেক ভালো ফলাফল এসেছে। এরসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীও ইনভলবড হয়েছেন।”
তিনি বলেন, ব্যক্তি বিনিয়োগকারীদের তারল্য সঙ্কট নেই। আর আস্থার অভাব থাকলে তা দূর করতে হবে। এসইসির দায়িত্ব একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি (ডিএসই) শাকিল রিজভী বলেন, “কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিকের আয়-ব্যয়গুলো ঠিকমত দেখাচ্ছে কি না, তা নিয়ে কথা হয়েছে। কেউ উদ্দেশ্যমূলকভাবে আয় কম দেখাচ্ছে কি না, তা ডিএসই থেকে তদারক করা হচ্ছে। এসইসিও এটা করবে।”
এসইসি কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে দেশের আরো উপস্থিত ছিলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আল মারুফ খান, ডিএসই জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম এবং সিডিবিএল, বাংলাদেশ অ্যসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি।
প্রায় একবছর ধরে অস্থিরতার পর গত নভেম্বর পুঁজিবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে এসইসি। এতে ডিসেম্বরে বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা দিলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার অস্থিরতা শুরু হয়েছে।
গত ৫ জানুয়ারি থেকে ডিএসই সাধারণ সূচক কমেছে প্রায় ১৩০০ পয়েন্টের মতো। এর মধ্যেই মঙ্গলবার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করল এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এফএফএস/এমআই/১৯১৩ ঘ.
bdnews24