২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৪ হাজারের নিচে ডিএসই সূচক

সপ্তাহের শেষ দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৭৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 05:56 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পাঁচ মিনিটেই সূচক বাড়ে ৫৩ পয়েন্ট। এরপর সূচকের ওঠানামা চললেও দিনের শেষভাগে এসে ব্যাপক দরপতন হয়। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৭৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮৬ পয়েন্ট হয়েছে, যা ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে দরপতন শুরু হওয়ার পর সর্বনিম্ন। গত ২৫ মাসের মধ্যেও সূচকের এই অবস্থান সবচেয়ে নিচে। ডিএসইতে হাতবদল হওয়া ২৫৬ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২০৩টির, বেড়েছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ৯টির দাম। লেনদেন হয়েছে প্রায় ১৮৯ কোটি টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ৭৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৯৫ পয়েন্ট কমে ১২ হাজার ৯২৪ হয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ১৯৪ পয়েন্ট কমে ৮ হাজার ২৭৫ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ২৮ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া ১৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৮৩টির, এবং অপরিবর্তিত আছে ৬টির দাম। সপ্তাহের প্রথম তিন দিন দরপতনের পর বুধবার সাধারণ সূচকে যোগ হয় ৫৮ পয়েন্ট। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে সাধারণ সূচক ১৩২ পয়েন্ট কমে। সোমবার কমে ৭১ পয়েন্ট। রোববার সূচক ২৩৬ পয়েন্ট হারায়। বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, আরএন স্পিনিং, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ারওয়েজ, সোস্যাল ইসলামি ব্যাংক লি., ম্যাকসন স্পিনিং, এনবিএল, সিভিও পিআরএল, ইউসিবিএল ও ফু-ওয়াং সিরামিকস্। দাম বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, আইসিবি এএমসিএল ১ম মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স-১, লিব্রা ইনফিউশন, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, সিভিও পিআরএল, জেমিনী সি ফুড, ৬ষ্ঠ আইসিবি, আইসিবি ইসলামিক, বার্জার পেইন্ট ও রিলায়েন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মেট্রো স্পিনিং, ম্যাকসন স্পিনিং, হাইডেলবার্জ সিমেন্ট, ডেসকো, এইচআর টেক্স, ১ম বিএসআরএস, ঢাকা ডাইয়িং, ডেল্টা স্পিনার্স, নিটল ইন্সুরেন্স ও সায়হাম টেক্সটাইল। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশন প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর ডিসেম্বরে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার দরপতন শুরু হয়। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (১৫ থেকে ১৯ জানুয়ারি) চার কার্যদিবসে সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ কম। তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ওই সময় ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৬২২ ঘ.