ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে বিক্ষোভ থেকে আটক বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের মঙ্গলবার সকালে ছেড়ে দিয়েছে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হায়াতুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওপর মহলের নির্দেশে মানবিক বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহাদত উল্লাহ ফিরোজ সাংবাদিকদের বলেন, “বেলা ১২টার দিকে মতিঝিল থানা থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।”
আটক নেতাদের ছাড়ার আশ্বাসে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল এলাকায় ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সোমবার রাতে প্রত্যাহারের ঘোষণা দেয় পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
পুঁজিবাজারে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের এই সংগঠনটি সোমবার দুপুরে পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে বিক্ষোভ থেকে মতিঝিল এলাকায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল।
পুঁজিবাজারে ব্যাপক দরপতনের সোমবার মতিঝিল এলাকায় প্রতীকী লাশ নিয়ে মিছিল ও বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।
এক পর্যায়ে ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ আট জনকে আটক করে মতিঝিল থানা পুলিশ।
পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগ করার সুযোগ নিয়ে ‘বিভ্রান্তির’ মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক গত সপ্তাহের চার কার্যদিবসে ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে যায়। এরপর রোববার এক দিনেই সূচক কমে ৪ দশমিক ৭৮ শতাংশ বা ২৩৬ পয়েন্ট।
সোমবার সূচক আরো ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসআইটি/এসইউ/১২২৫ ঘ.
bdnews24