ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতনে হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার লেনদেন শুরু হওয়ার পর সূচক পড়তে শুরু করে। এক পর্যায়ে বেলা ১টায় সাধারণ সূচক ১৫৫ পয়েন্ট কমে।
লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে দরপতন শুরু হওয়ার পর এটাই ডিএসই সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ১৫ নভেম্বর সূচক ছিল ৪ হাজার ৬৪৯ পয়েন্ট।
আর গত দুই বছরের মধ্যে এটাই সর্বনিু সূচক। এর আগে এর চেয়েও কম সূচক (৪ হাজার ৫৬৮) ছিল ২০১০ সালের ৩ জানুয়ারি।
সোমবার ডিএসই লেনদেন হয়েছে প্রায় ২৩৪ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া ২৫৭ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ১৭৮টির, বেড়েছে ৬৩টির এবং অপরিবর্তিত আছে ১৬টির দাম।
দরপতনের প্রতিবাদে রাস্তায় প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে জড়ো হওয়া ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। মঙ্গলবার মতিঝিলে সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছে তারা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৫১ পয়েন্ট কমে ১৩ হাজার ৪২৭ হয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ১৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ৬০১ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া ১৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ১৪৪টির, বেড়েছে ২৬টির এবং অপরিবর্তিত আছে ৯টির দাম।
শেয়ারবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে গত সপ্তাহজুড়ে ‘বিভ্রান্তির’ পর এ সপ্তাহের প্রথম দিনই ব্যাপক দরপতন হয় দেশের দুই পুঁজিবাজারে। রোববার ডিএসই সাধারণ সূচক ৪ দশমিক ৭৮ শতাংশ বা ২৩৬ পয়েন্ট কমে। লেনদেন হয় ২৮৫ কোটি টাকার শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, বেক্সিমকো লি., আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, ন্যাশনাল ব্যাংক লি., সোস্যাল ইসলামি ব্যাংক লি., ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ফু-ওয়াং সিরামিকস, বিকন ফার্মা ও বিএসআরএম স্টিল।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো - তাকাফুল ইন্সুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, বিডি অটোকারস, যমুনা অয়েল, ম্যাকসন স্পিনিং, আইসিবি এএমসিএল ১ম, ইসলামি ফাইন্যান্স, কে এন্ড কিউ ও আরামিট লি.।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, ৮ম আইসিবি, রিলায়েন্স ১, লিব্রা ইনফিউশন, হাইডেলবার্জ সিমেন্ট, হাক্কানি পাল্প, স্কয়ার টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস, আনোয়ার গ্যালভানাইজিং, বার্জার পেইন্ট ও মেঘনা পেট্রোলিয়াম।
গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (১৫ থেকে ১৯ জানুয়ারি) চার কার্যদিবসে সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ কম।
তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ওই সময় ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩১ ঘ.
bdnews24