২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিভ্রান্তিকর’ সিদ্ধান্তের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ

পুঁজিবাজার নিয়ে সরকারের ‘বিভ্রান্তিকর’ সিদ্ধান্তের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ে সরকারের ‘বিভ্রান্তিকর’ সিদ্ধান্তের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান নিয়ে অর্থ মন্ত্রণালয় ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিরুদ্ধে শ্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, সরকারের নানা বিভ্রান্তিকর সিদ্ধান্তের জন্যে বাজারে পতন হচ্ছে। সরকার ও এসইসি বাজার স্থিতিশীল করার কথা বলে বিভ্রান্তিকর সিদ্ধান্ত দিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে। এসব সিদ্ধান্তে একটি মহলকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। বিনিয়োগকারীরা ডিএসইর সামনে রাস্তায় অবস্থান নেওয়ায় শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায়। বিকাল সোয়া ৩টার দিকে বিনিয়োগকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। বিনিয়োগকারীদের দাবি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ করার সুযোগ দিয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া কালো টাকা নিয়ে এনবিআরের স¤প্রতি জারি করা প্রজ্ঞাপনটি প্রত্যাহার করার দাবি জানান তারা। বুধবার সন্ধায় ফটকা ব্যবসায় সরকারি-কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগে নিষেধের কথা স্মরণ করিয়ে পরিপত্র জারির দুই ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে পরে আবার সংশোধিত আকারে তা পুনরায় জারির কথা বলে সরকার। অথচ সকালেই নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এক সংবাদ সম্মেলনে দাবি করেন, মন্ত্রিসভার সোমবারের বৈঠকে সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগ করতে বাধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের এই সিদ্ধান্তের প্রভাব বাজারের পড়ার শঙ্কার কথা জানিয়ে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার কর্তৃপক্ষই লেনদেন বন্ধ করে দেয়। বুধবার দেশের দুই পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়। পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবিতে বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। সকালে ডিএসই ভবনের সামনে তারে ও ফুটপাতের দোকানে আগুন ধরানোর পর পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়াও হয়। স¤প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে জানায়, অপরাধ সংঘটনের মাধ্যমে অর্জিত আয় পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে না। যদিও এর আগে এনবিআর এক পরিপত্রে জানিয়েছিল, পুঁজিবাজারে বিনিয়োগ করা কালো টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন করবে না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৪৫২ ঘ.