ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তির’ মধ্যেই সপ্তাহের শেষ দিন ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে আড়াইশ পয়েন্ট।
পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে বুধবার দিনভর ‘নাটকের’ পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন শুরুর ৫ মিনিটেই সূচক এক লাফে ১৪৬ পয়েন্ট বাড়ে।
দিন শেষে ডিএসই সাধারণ সূচক ২৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৬ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ৩২১ কোটি টাকার শেয়ার।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৫৮ টির ও কমেছে ৫টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪৪ হয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ৩৮১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।
বুধবার সন্ধায় ফটকা ব্যবসায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগে নিষেধের কথা স্মরণ করিয়ে পরিপত্র জারির দুই ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে আবার সংশোধিত আকারে তা পুনরায় জারির কথা বলে সরকার।
অথচ সকালেই নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, মন্ত্রিসভার সোমবারের বৈঠকে সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগ করতে বাধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে গত তিন দিন ধরেই ব্যাপক আলোচনা চলছে, যার সূত্রপাত হয় সোমবার মন্ত্রিসভার বৈঠকের মধ্য দিয়ে। এ বৈঠকের পর প্রেসব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, “সরকারি দায়িত্ব পালনের অবস্থানে থেকে এই ধরনের (পুঁজিবাজারে) ব্যবসা-বাণিজ্য করা সমীচীন নয়।”
এ বক্তব্যের ‘নেতিবাচক’ প্রভাব বাজারের পড়ার শঙ্কার কথা জানিয়ে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার কর্তৃপক্ষই লেনদেন বন্ধ করে দেয়।
বুধবার ডিএসই সূচক ১৬৮ পয়েন্ট কমে। লেনদেন হয় ৩১৬ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে সাধারণ সূচক কমে ১৬৭ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮২ পয়েন্ট কমে।
গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৫৩১ ঘ.
bdnews24