২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটক শেষ নয়: সংশোধিত পরিপত্র আসছে

ফটকা ব্যবসায় সরকারি-কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগ নিয়ে পরিপত্র জারির জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাটক শেষ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফটকা ব্যবসায় সরকারি-কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগ নিয়ে পরিপত্র জারির জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাটক শেষ হয়নি। পরিপত্র জারির মাত্র দুই ঘণ্টার তা প্রত্যাহার করার পর মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার বুধবার রাতে সোয়া আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন,“পরিপত্রটি আপাতত: প্রত্যাহার করা হয়েছে। সংশোধিত আকারে পরিপত্রটি পরবর্তীতে আবারো জারি করা হবে।” পরিপত্র প্রত্যাহার করার কারণ হিসেবে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রকাশ হওয়ায় এটি প্রত্যাহার করা হয়। এরআগে রাতে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সংবাদ কক্ষে গিয়ে আব্দুস সোবহার সিকদার পরিপত্রটি প্রত্যাহার করার কথা মৌখিকভাবে জানান। তবে এ বিষয়ে কোনো লিখিত আদেশ জারি করা হয়নি। পিআইডি সংবাদ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়জুল হক রাতে আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিপত্রটি প্রত্যাহার সংক্রান্ত আদেশ আগামীকাল অফিস সময়ে জারি করা হবে। তবে এরমাত্র ১০ মিনিট আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সচিব রইস উল আলম মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তাকে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন নির্দেশনা দেয়নি। পরে অবশ্য তার মুঠোফোনটি আর সচল পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২০২৬ ঘ.