২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মন্ত্রিসভায় এমন কোনো সিদ্ধান্ত হয়নি’

মন্ত্রী পরিষদের সোমবারের সভায় সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগ করতে বাধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভার সোমবারের বৈঠকে সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগ করতে বাধা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বুধবার সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে খায়রুল হোসেন বলেন, “কেবিনেট সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯৭৯ সালের সার্ভিস রুলের প্রসঙ্গটি আলোচনায় আসে। যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে, ক্যাবিনেট সভায় আলোচনার কোনো পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শেয়ারের বিনিয়োগ করতে পারবেন না- এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।” পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার আধ ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়। মঙ্গলবার সকালে ডিএসইর পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকের পর ‘পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে’ ১৭ জানুয়ারি লেনদেন বন্ধ রাখার ঘোষণা হয়। ডিএসইর লেনদেন বন্ধ রাখার ঘোষণায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও দুই মিনিট চলার পর বন্ধ করা হয়। পরে ওই দুই মিনিটের লেনদেন বাতিল করে কর্তৃপক্ষ। সোমবারের মন্ত্রী পরিষদের বৈঠকের বিষয়ে লিখিত বক্তব্যে এসইসি চেয়ারম্যান বলেন, “গত ১৬ জানুয়ারি কেবিনেট সভা শেষে সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগ প্রসঙ্গে সংবাদপত্র ও গণমাধ্যমে প্রচারিত সংবাদকে কেন্দ্র করে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রকৃত সত্য হলো, সেদিন কেবিনেট সভায় পুঁজিবাজারকে গতিশীল ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতোপূর্বে এসইসি কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের অংশ হিসেবে আয়কর আইনে সংশোধন আনা হয়েছে।” মঙ্গলবার সকালে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকের পর ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (সামরিক ও বেসামরিক) পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে অস্পষ্টতা প্রতীয়মান হয়েছে। ডিএসই কর্তৃপক্ষ মনে করে, এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং পুঁজিবাজারে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে।” সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পুঁজিবাজার স্থিতিশীলে আয়কর আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর পর এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজার এমনিতেই ঝুঁকিপূর্ণ, এটা আমরা অনেকেই জানি। সরকারি দায়িত্ব পালনের অবস্থানে থেকে এই ধরনের ব্যবসা-বাণিজ্য করা সমীচীন নয়।” পরে অবশ্য আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ‘অফ দ্য রেকর্ড’ ওই কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে। দেশের প্রচলিত আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অন্য কোনো লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না। তবে আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে সরকারি চাকুরেরা বিনিয়োগ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফএস/এসইউ/১২০৯ ঘ.