২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার: ‘সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত’

পুঁজিবাজারে সরকারি কর্মচারীদের বিনিয়োগে বিধিনিষেধ আরোপ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ এবং এর সূত্র ধরে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন স্থগিতের প্রেক্ষিতে এ কথা বলেছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ে সরকারের ‘স্পষ্ট ব্যাখ্যা’ দেওয়া উচিত বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। মঙ্গলবার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক ব্যবসা না করা বিষয়ে বিদ্যমান আইন কঠোরভাবে অনুসরণে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন স্থগিত করা হয়। প্রতিবাদে দিনভর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে পুঁজিবাজারের যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, সেখানে সরকারের এই সিদ্ধান্তটি অপরিণত হয়েছে। এটা বাজারে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলবে।” ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের এই সিদ্ধান্ত বাজারে যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে, সেটা বুঝতে পেরেই আমরা মঙ্গলবার বাজার বন্ধ করেছিলাম। এরপরে এসইসির সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেছি।” ডিএসই সাধ্য মতো চেষ্টা করে এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব তুলে ধরেছে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, “সরকারের এই সিদ্ধান্তের পরিবর্তন না এলে বাজারের ব্যাপক ধস নামবে।” দেশে প্রচলিত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ না থাকলেও আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে সরকারি চাকুরেরা বিনিয়োগ করে আসছে। তবে অধ্যাপক ওসমানের মতে এই বিনিয়োগ লাভজনক ব্যবসা হিসাবে বিবেচনা যাবে কি না তা নিয়েও বির্তক রয়েছে। তিনি বলেন, “তাহলে তো সঞ্চয়পত্রে বিনিয়োগও লাভজনক ব্যবসা হতে পারে। এক্ষেত্রে সরকারের উচিত, অবিলম্বে বিষয়টির একটা ব্যাখ্যা দেওয়া।” দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন স্থগিতের ব্যাখ্যা হিসেবে ডিএসই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি বলেন, “বাজারে সামরিক, বেসামরিক পর্যায়ে বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। এগুলো বাজার থেকে চলে গেলে, এই বাজারের পতন ঠেকানোর কোনো উপায় নেই।” অধ্যাপক ওসমানের মতে, এ সিদ্ধান্তে বাজারে একটা ব্যাপক ‘সেল প্রেসার’ পড়বে। “কারণ সরকারি, সামরিক-বেসামরিক মিলিয়ে বাজারে বিনিয়োগকারীর সংখ্যা কম নয়। ফলে আরেক দফা বড় পতন হবে। যেসব পরিচালকদের শেয়ার কিনতে হবে, এতে হয়তো তাদের সুবিধা হবে,” যোগ করেন তিনি। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গত ২১ নভেম্বর বাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করে এসইসি। মঙ্গলবারের লেনদেন স্থগিতের সিদ্ধান্তকে ‘ভালো’ অভিহিত করে অধ্যাপক ওসমান বলেন, “মঙ্গলবার বাজার খোলা থাকলে যে ধসটা নামত, একদিন বন্ধ থাকায় এই প্রবণতা কিছুটা কমতে পারে। এর মধ্যে সরকারের ভালো সিদ্ধান্ত হলে তা আরো সহায়ক হবে।” বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ম. খায়রুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/০০১৮ ঘ.