ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে শেয়ার ছাড়ার চূড়ান্ত অনুমোদন পেয়েছে সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
মঙ্গলবার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রাষ্ট্রায়াত্ত এই প্রতিষ্ঠানকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) যাওয়ার অনুমোদন দেয়।
বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অনুমোদনের ফলে সর্বোচ্চ এক মাসের মধ্যে আইপিও নিয়ে আসতে পারবে বিএসসিসিএল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জমা দেওয়া প্রতিষ্ঠানটির প্রসপেক্টাসে দেখা যায়, টেলিযোগাযোগ খাতের সাবমেরিন কেবল ৩ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে।
১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
২০০৮ সালের ১ জুলাই পাবলিক লিমিডেট কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা।
কোম্পানিটি ব্যবসায়িক কার্যক্রম শুরুর পর থেকেই সফলতা দেখিয়ে আসছে বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি।
গত ২৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস জানিয়েছিলেন, বিএসসিসিএল ২০০৮-০৯ অর্থবছরে ১১ কোটি ৫০ লাখ, ২০০৯-১০ অর্থবছরে ৩৪ কোটি ৫০ লাখ এবং ২০১০-১১ অর্থবছরে ৫৪ কোটি ৫০ লাখ টাকা নিট মুনাফা করে।
প্রসপেক্টাস থেকে জানা যায়, সাবমেরিন কেবলের জুন ২০১১ সমাপনী বছরে ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য রয়েছে ১৭ টাকা ৫৭ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২১২২ ঘ.
bdnews24