ঢাকা/চট্টগ্রাম জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরে আসা না পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা।
মঙ্গলবার লেনদেন বন্ধ ঘোষণা করার পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা।
পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার লেনদেন বন্ধ রাখা হয় দেশের দুই পুঁজিবাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ জানায়, দুই সপ্তাহ ধরে পুঁজিবাজারে মন্দাভাবের প্রেক্ষাপটে ‘বিনিয়োগকারীদের স্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পুঁজিবাজার বন্ধ ঘোষণার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে জড়ো হন একদল বিনিয়োগকারী। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় অবস্থান নিলে বেলা ১১টার দিকে শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা শাপলা চত্বরের সামনে গোল হয়ে অবস্থান নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত শ্লোগান দেন।
ডিএসই বুধবার পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন করার ঘোষণা দিলে এর বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। তারা পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধের দাবি জানান।
বেলা সোয়া ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিনিয়োগকারীদের সংগঠন ‘চিটাগাং ইনভেস্টরস ফোরাম’।
দেড় শতাধিক বিনিয়োগকারী মিছিল ও সমাবেশ করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হওয়া দুই মিনিটের লেনদেন বন্ধের দাবি জানায়। এ সময় তারা মিছিল নিয়ে সিএসই কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর তারা সেখানেই সমাবেশ করে।
সমাবেশ থেকে বক্তারা স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার দাবি জানায়।
ইনভেস্টরস ফোরামের যুগ্ম আহবায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার মন্ত্রীপরিষদের সভায় পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে নতুন করে বক্তব্য প্রদান ঠিক হয়নি। এতে করে পুঁজিবাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।”
বাজারে স্থিতিশীলতা না আসলে ঢাকার বিক্ষোভকারীদের সাথে সঙ্গতি রেখে চট্টগ্রামে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার বেলা ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত সিএসইতে লেনদেন হয়। পরে এই লেনদেন বাতিল করা হয়।
পুঁজিবাজারের কালো টাকা বিনিয়োগ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড রোববার একটি প্রজ্ঞাপন জারির পর ডিএসই সূচক ৮২ পয়েন্ট পড়ে যায়। সোমবার পড়ে আরো ১৬৭ পয়েন্ট। গত ৭ কার্যদিবসের মধ্যে ৬ কার্যদিবসেই দরপতন হয়।
বাজারে মন্দাভাবের জন্যে অর্থমন্ত্রী, এনবিআর ও সরকারকে দায়ী করে সোমবারও বিক্ষোভ করেন সাধারণ বিনিয়োগকারীরা। দুপুর থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ডিএসইর সামনের সড়ক তারা অবরোধ করে রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমসি/এসইউ/১৭৫৬ ঘ.
bdnews24