ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন এনসিসি ব্যাংকের দুই পরিচালক।
তারা হলেন, এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নুরুল ইসলাম এবং দীন এম রানা ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে শেয়ার কেনার এই ঘোষণা দেওয়া হয়।
এনসিসি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক পরিচালক নুরুল ইসলাম এবং দীন এম রানা যথাক্রমে ৫০ হাজার ও ১০ লাখ শেয়ার কিনবেন।
বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
এছাড়া এনসিসি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক নুরুল ইসলাম জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি ১ লাখ শেয়ার কেনা শেষ করেছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫৫৮ ঘ.
bdnews24