ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন দুই কোম্পানির দুই জন পরিচালক। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে দেয়া ঘোষণায় এ কথা জানিয়েছেন তারা।
মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালক আবদুল মালেক ১ লাখ ২৫ হাজার শেয়ার কিনতে চান। বর্তমানে তার হাতে আছে ৩২ লাখ ৭২ হাজার ৩৬০টি শেয়ার।
মেঘনা লাইফ ইন্সুরেন্সের পরিচালক খালেদা আহমেদ আরো ২ হাজার শেয়ার কিনবেন। বর্তমানে তার ১ লাখ শেয়ার রয়েছে।
বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এই শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৭৪৪ ঘ.
bdnews24