২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সপ্তাহের শেষ দিনে ফের সূচক পতন

সপ্তাহের শেষ দিন ফের সূচক পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন ফের সূচক পতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। বৃহস্পতিবার সকালে সূচকে উর্ধ্বগতি দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমতে থাকে। দিনশেষে সাধারণ সূচক ১০৭ পয়েন্ট কমে ৫ হাজার ১১৪ পয়েন্ট হয়। লেনদেন হয় মোট ৩২৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় পৌনে এক কোটি টাকা কম। চারদিন টানা দরপতনের পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ৬৫ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় ৪০৫ কোটি টাকার শেয়ার। সপ্তাহের শেষ দিন হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫ টির, কমেছে ২৪১ টির এবং অপরিবর্তিত আছে ৫টির দাম। এদিন লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, আরএন স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো, এসআইবিএল, কেয়া কসমেটিকস, জাহিনটেক্স, আফতাবঅটো ও বিকন ফার্মা। এ সপ্তাহে মাত্র একদিন উন্নতির মুখ দেখেছে ডিএসই সূচক। ডিএসইতে মঙ্গলবার সাধারণ সূচক ৯৬ পয়েন্ট কমে। সোমবার কমে ১৬৪ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন রোববার সাধারণ সূচক কমে ৪৯ পয়েন্ট। এর আগে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারও সূচক প্রায় ১৭ পয়েন্টের মতো কমেছিল। মঙ্গলবার পর্যন্ত চারদিনের পতনে সাধারণ সূচক কমেছিল ৩২৭ পয়েন্ট। এর আগের সপ্তাহে (১ থেকে ৫ জানুয়ারি) ঢাকার পুঁজিবাজারে সূচক বেড়েছিল ২০৯ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৯১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪৮ শতাংশ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৫৪০ ঘ.