ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জ আধুনিকায়নের জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিতে সহায়তা করবে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দুপুরে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি সই শেষে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গণে প্রবেশ করতে যাচ্ছে। তাই এটা আমাদের জন্য একটি বড় সুযোগ।
তিনি আরও বলেন, আমরা পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে ডিমিউচুয়ালাইজেশন সম্পর্কে পরামর্শ নেব।
এ সময় বাংলাদেশ-জার্মান চেম্বারের সভাপতি এম সাইফুল ইসলাম বলেন, এ চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছে। তবে এর জন্য কিছু শর্ত পূরণের দরকার আছে। যার জন্য বিশেষজ্ঞ নিয়োগ দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৯২৪ ঘ.
bdnews24