ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। রাজধানীতে মঙ্গলবার এ উপলক্ষে শোভাযাত্রা বের করে বিনিয়োগকারীরা
বেলা ১২টার দিকে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবনের পাশে সংগঠনটির প্রধান কার্যালয়ে এসে তা শেষ হয়।
শোভাযাত্রায় সংগঠনটির সভাপতি মিজান উর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক ও সহসভাপতি নজরুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিজান উর রশিদ বলেন, “শেয়ারবাজারে ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে এক বছর আগে এই দিনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ গঠন করা হয়েছিল। শেয়ারবাজারে স্থিতিশীলতা আনার জন্য আমরা এক বছর আন্দোলন করে আসছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন, যার ফলে কিছুটা হলেও বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে।”
বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি। পরে সংগঠনটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৫০১ ঘ.
bdnews24