ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তৃতীয় দিনের মতো দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচক দেড়শ পয়েন্টের বেশি কমেছে।
আগের দুইদিনের দরপতনের ধারাবাহিকতায় সোমবার লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যেই দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন শেষে সাধারণ সূচক ১৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হয়েছে ৫৩৮ কোটি টাকার শেয়ার যা গত দিনের চেয়ে ৭৭ কোটি টাকা কম।
এ সময় পর্যন্ত পর্যন্ত হাতবদল হওয়া ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৫টিরই দাম কমেছে। বেড়েছে ১২টির এবং অপরিবর্তিত আছে ৫টির দাম।
সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছিল। সাধারণ সূচক কমে ৪৯ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬১৫ কোটি টাকার। তার আগের দিন বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১৭ পয়েন্টের মতো।
তবে ঢাকার পুঁজিবাজার গত সপ্তাহে লেনদেন ও সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১ থেকে ৫ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ২০৯ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বাড়ে।
গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৯১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪৮ শতাংশ বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫১৯ ঘ.
bdnews24