ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব ঘোষণা অনুযায়ী তিন কোম্পানির তিনজন পরিচালক শেয়ার কেনা শেষ করেছেন বলে জানিয়েছেন।
এছাড়া অপর দুটি কোম্পানির দুই পরিচালক উপহার হিসাবে শেয়ার দেওয়া ও নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে এসব ঘোষণা দেয়া হয়।
মেঘনা লাইল ইন্সুরেন্সের উদ্যোক্তা-পরিচালক হাসিনা নিজাম জানিয়েছেন, তিনি ২৫ হাজার শেয়ার কেনা শেষ করেছেন। সাউথ ইস্ট ব্যাংকের উদ্যোক্তা-পরিচালক জোসনা আর কাশেম পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ লাখ ৩৩ হাজার শেয়ার কিনেছেন। স্যোসাল ইসলামী ব্যাংকের পরিচালক নাসিরউদ্দিন পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ লাখ ৬০ হাজার শেয়ার কিনেছেন।
নাভানা সিএনজির পরিচালক শাফিউল ইসলাম ১০ লাখ শেয়ার তার মেয়ে ফারহানা ইসলামকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
পূবালী ব্যাংকের মুস্তফা শাহরিয়ার আহমেদ জানিয়েছেন, তিনি তার পিতা মনির আহমেদের কাছ থেকে ১ লাখ ৪৪ লাখ ২৪ হাজার ৬৬টি শেয়ার নিতে ইচ্ছুক।
এসইসির অনুমোদন সাপেক্ষে তারা ৩০ কর্মদিবসের মধ্যে এই লেনদেন করবেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৭২৭ ঘ.
bdnews24