ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধি বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরার লক্ষণ বলে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০১ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৭১০ কোটি কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১১৬ কোটি টাকা বেশি।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত আছে ১৭টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ১৩৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৮৪৪ পয়েন্ট। লেনদেন হয়েছে সাড়ে ৬২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি।
সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত আছে ৭টির দাম।
মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে। প্রথম দু’ঘণ্টা সূচক একটু ওঠানামা করলেও পরের দু’ঘণ্টায় একটানা বাড়ে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। তাই অনেকেই এখন বিনিয়োগের জন্য আবার বাজারমুখী হচ্ছেন। একারণেই লেনদেন বাড়ছে।”
তবে বিনিয়োগকারীদের বুঝে বিনিয়োগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কোনো রকম গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের উচিৎ ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা।”
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান মাইন্ড ¯িপ্রং বলেছে, বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের অংশগ্রহণ বাড়ায় লেনদেন বাড়ছে।
মঙ্গলবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ইন্সুরেন্স, প্রকৌশল, সিমেন্ট, সিরামিক, খাদ্য, বস্ত্র এবং বিবিধ খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে।
অন্যদিকে গতদিনের মতো মঙ্গলবার দর হারিয়েছে ব্যাংক খাতের বেশিরভাগ শেয়ার। বিদ্যুৎ ও জ্বালানি খাত ছিল মিশ্র প্রবণতায়।
ডিএসইতে মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিল- ফুওয়াং সিরামিকস, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, আরএন স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, আফতাব অটো, পিএলএফএসএল, মার্কেন্টাইল ব্যাংক ও ফুওয়াং ফুডস।
দর বৃদ্ধির শীর্ষে ছিল- ডিবিএইচ, রূপালী ইন্স্যুরেন্স, এনএইচএফআইএল, সায়হাম টেক্সটাইল, মাইডাস ফাইন্যান্স, ডেল্টা স্পিনিং, আরডি ফুড, উত্তরা ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ণ ও সোনারগাঁও টেক্টটাইল।
অন্যদিকে দাম কমার শীর্ষে ছিল- অ্যাপেক্স স্পিনিং, ডেল্টা লাইফ, ৩য় আইসিবি, আইসিবি ১ম এনআরবি, জুট স্পিনার্স, মুন্নু স্টাফলার, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় ও প্রিমিয়ার ব্যাংক।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে। লেনদেন হয় ৫৯৪ কোটি টাকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/২২৩৫ ঘ.
bdnews24