ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রোববার কাজে যোগ দিয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন।
রোববার এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাঁকে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ২৭ ডিসেম্বর তার এ নিয়োগের প্রস্তাব অনুমোদন করে।
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মোশাররফ হোসেন আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট জোনস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী মোশাররফ নিউ ইয়র্কের সোসাইটি অব সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টসেরও একজন সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে একই দিন কাজে যোগ দিয়েছেন শুভ্র কান্তি চৌধুরী। ডিএসইতে যোগ দেওয়ার আগে তিনি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬০৯ ঘ.
bdnews24