ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। পাশাপাশি অভিহিত মূল্য পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ দুটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আইডিএলসি জানিয়েছে, পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি আরো জানিয়েছে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা করা হবে। এছাড়া বর্তমানের ২০টি শেয়ারের লট ভেঙে ২০০টির লট করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকিং বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের আইডিএলসি পুঁজিবাজারে তালিকাভূক্ত হয় ১৯৯২ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৯ কোটি টাকা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা আগের বছরের একই সময়ে তুলনায় অর্ধেকেরও বেশি কমেছে।
দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি ২০১১ থেকে জুন ২০১১) আইডিএলসি কর পরবর্তী মুনাফা করেছে ২৭ কোটি ৭০ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ টাকা ৯৮ পয়সা। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৭৩ কোটি ৫৯ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৪ টাকা ৩৪ পয়সা।
বুধবার ডিএসইতে আইডিএলসির শেয়ারের দাম আগের দিনের চেয়ে পরিবর্তন না হয়ে সর্বশেষ লেনদেন হয়েছে ১৯৪৫ টাকায়। এর ফলে মূল্য আয়ের অনুপাত (পিই) দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯০৯ ঘ.
bdnews24