ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ রাইট শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের ঘোষণা দিয়েছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, প্রতিটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করবে তারা। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারে কোনো প্রিমিয়াম ধরা হয়নি।
নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর রেকর্ডের তারিখ নির্ধারণ করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
রাইট শেয়ারের ঘোষণা আসায় রোববার প্রতিষ্ঠানটির দাম ও লেনদেন বেড়েছে। ১২টা ২৭ মিনিটে দাম ৬ দশমিক ৬৪ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছিল ১৮০ টাকায়। এসময় লেনদেনের শীর্ষে ছিল কোম্পানিটি।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের লংকা বাংলা ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাবূক্ত হয় ২০০৬ সালে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৮২ কোটি টাকা।
কোম্পানিটির ৫৬ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে। বাকি ৪৩ দশমিক ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন (জানুয়ারি-জুন) অনুযায়ী লংকা বাংলা ফাইন্যান্স কর পরবর্তী মুনাফা করেছে ৫১ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা ২১ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৪২ ঘ.
bdnews24