ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পুঁজিবাজারে তালিকাভূক্ত সিটি ব্যাংকের এক পরিচালক কোম্পানিটির ৪০ হাজার শেয়ার কিনবে বলে ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়।
বাজারে অস্থিতিশীলতা ঠেকাতে বুধবার নিজেদের কোম্পানির শেয়ার কেনার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া বুধবারই কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি।
একই সঙ্গে কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সিটি ব্যাংকের পরিচালক ইভানা ফাহমিদা মোহাম্মদ কোম্পানিটির ৪০ হাজার শেয়ার কিনবেন। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি ৩১ অক্টোবরের মাধ্যমে এ শেয়ার কেনা শেষ করবেন।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া সিটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির মোট শেয়ারের ১২ দশমিক ৮৮ শতাংশ রয়েছে। বাকী ৬৯ দশমিক ১২ শতাংশ পাবলিক এবং ১৮ শতাংশ রয়েছে ইন্সটিটিউটের কাছে।
বুধবার কোম্পানিটির ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বশেষ বাজার মূল্য ছিল ৫৫৮ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০৫ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১১১৯ ঘ.
bdnews24