ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের সব উদ্যোগ বিফলে গিয়ে 'ব্যাপক' দরপতন দিয়েই দিন শেষ করলো দেশের দুই পুঁজিবাজার।
বুধবার দরপতন দিয়েই শুরু হয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। দিনশেষে সাধারণ মূল্যসূচক ১৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৪৯ পয়েন্টে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৩১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ২৪৪ পয়েন্টে।
ডিএসইতে বুধবার লেনদেনে হয়েছে ৩৩৩ কোটি টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। ডিএসইতে দাম কমেছে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের, বেড়েছে ২৩টির। দাম বদলায়নি ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।
এদিকে বাজার পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেন সংশ্লিষ্টরা। সকালে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।
দুপুরে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ডিএসই প্রতিনিধিরা।
এর আগের দিন মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক ৩১ পয়েন্ট কমেছিল।
সোমবার পুঁজিবাজারে দরপতনে মতিঝিলে বিক্ষোভ ও ভাংচুর হয়েছে। বিক্ষোভের মধ্যে খবর আসে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের জন্য আরো এক বছর অর্থাৎ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর বিকেলে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
তবে আজ ব্যাপক দরপতন হলেও কোনো বিক্ষোভ হয়নি।
একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের জন্য এক বছর বাড়ানোর সুযোগ দেওয়ার খবরে সোমবার ঘুরে দাঁড়িয়েছিল দুই পুঁজিবাজার।
এর আগে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে লেনদেন সীমা স্থগিত করে এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫২৩ ঘ.
bdnews24