ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আদেশ জারির পর শেয়ারের অভিহিত মূল্য বদলানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে কোম্পানিগুলো।
মঙ্গলবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) ও এইচআর টেক্সটাইল জানিয়েছে, তাদের প্রতিটি শেয়ারের অভিহিত মুল্য ১০০ টাকা থেকে ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পরিালনা পর্ষদ।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য বৃহস্পতিবার নির্দেশনা জারি করে এসইসি।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এমটিবিএল জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রতিটি ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১০টা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ৫০টি শেয়ারের সমন্বয়ে প্রতিটি মার্কেট লট ভেঙে ৫০০ শেয়ারের সমন্বয়ে প্রতিটি লট করারও সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ১৬ নভেম্বর তারিখে ইজিএম আহ্বান করা হয়েছে।
এইচআর টেক্সটাইলও শেয়ারের অভিহিত মুল্য ১০ টাকা করার কথা জানিয়েছে। কোম্পানিটি ২৪ অক্টোবর ইজিএম আহ্বান করেছে।
বৃহস্পতিবার জারি করা এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মুল্যের সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হবে।
গত বছর সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার কাজ শুরু হয়। কিন্তু গত ডিসেম্বর-জানুয়ারি পুঁজিবাজারে ধ্বসের পর এ প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
এরপর গত ২৩ আগস্ট ১ ডিসেম্বরের তারিখে সব শেয়ারের অভিহিত মূল্য ১০টাকা করার ঘোষণা দেয় এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৫৪ঘ.
bdnews24