ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মধ্যে দেশের দুই স্টক এক্সটেঞ্জের পরিচালন ও নির্বাহী বিভাগকে আলাদা করা (ডিমিউচুয়ালাইজেশন) সম্ভব হবে বলে আশা করছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে ডিমিউচুয়ালাইজেশনের ধারণাপত্র জমা দেওয়ার পর এসইসি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “এটা হলে স্টক এক্সচেঞ্জের সদস্যরাই লাভবান হবে। আগামী তিন মাসের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন আইন চূড়ান্ত করা হবে।”
ধারণাপত্র পাওয়ার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “দুই পক্ষই ডিমিউচুয়ালাইজেশনে রাজি হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে পুঁজিবাজারে ব্যপক অস্থিরতার পর সরকার স্টক এক্সচেঞ্জের পরিচালন বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করার এই উদ্যোগ নেয়।
এসইসি চেয়ারম্যান জানান, এ প্রক্রিয়া সম্পন্ন করতে ডিএসই ও সিএসই ইতোমধ্যে পরামর্শক নিয়োগ দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, “দু’পক্ষের (ডিএসই ও সিএসই) সমর্থন নিয়ে আগামী বছরই ডিমিউচুয়ালাইজেশন শুরু করতে পারবো।”
ঢাকা স্টক এক্সচেঞ্জ সভাপতি শাকিল রিজভী বলেন, “মুম্বাই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন করতে ৫ বছর লেগেছিল। লাহোরে ৭ বছরেও হয়নি। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই ডিমিউচুয়ালাইজেশন করতে পারবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24