ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শেষ করেছে দেশের দুই পুঁজিবাজার।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্ট হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৮০ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৫৭২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি। আর সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ৬০ লাখ টাকা বেড়ে ৪৪ কোটি ১২ লাখ টাকা হয়েছে।
এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।
বুধবার সাধারণ সূচক থেকে ১৯ পয়েন্ট হারানোর পর বৃহস্পতিবার সকালে চাঙ্গাভাবেই লেনদেন শুরু হয় ডিএসইতে। প্রথম আধাঘণ্টায় সাধারণ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের ওঠানামা চললেও কখনোই আগের দিনের চেয়ে কমে যায়নি। দিনের শেষভাগে এসে লেনদেনের পরিমাণ আরো বাড়ে।
এদিন ডিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ১৯ টির দাম। আর সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
টানা প্রায় এক বছর ধরে দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর ২৩ নভেম্বর পুঁজিবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সরকারে বিভিন্ন পদক্ষেপে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে অস্থিরতা কমে আসতে শুরু করেছে বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫৪০ ঘ.
bdnews24