২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিআই’র নতুন ওয়েবসাইট উদ্বোধন বাণিজ্যমন্ত্রীর

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। বুধবার মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি। ওয়েবসাইটের ঠিকানা-www.dhakachamber.com। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ডিসিসিআই ২০০১ সালে ওয়েবসাইট চালু করলেও এই প্রথম তার রূপে পরিবর্তন আনলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম। তিনি জানান, নতুন ওয়েবসাইটে বাণিজ্যসহ সংশ্লিষ্ট সব বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যাবে, যা পুরনোটিতে ছিলো না। এছাড়া ডিসিসিআই’র বার্ষিক প্রতিবেদন, সদস্য ফর্ম এখন ওয়েবসাইট থেকে নামানো (ডাউনলোড) যাবে। ওয়েবসাইট যুগোপযোগী করার জন্য ডিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে ব্যাবসায়ীসহ সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিসিসিআই সহসভাপতি নুরুল কবির, সাবেক সভাপতি বেনজির আহমেদ প্রমুখ। ‘মূল্যবৃদ্ধি স্বাভাবিক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি কোনো বড় সঙ্কট নয়। “এটা কোনো অ্যাবনরমাল ক্রাইসিস নয়, মার্কেটের সাধারণ ফ্লাকচুয়েশন। দাম বাড়বে-কমবে, এটা স্বাভাবিক ব্যাপার,” বলেন তিনি। ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণের এক দিন আগে মন্ত্রী এ কথা বললেন। তেলের দাম বাড়ার জন্য বিশ্বমন্দা এবং ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের দোষারোপ করে বলেন, “সাংবাদিকরা অনেক সময় সঠিক ইনফরমেশন প্রকাশ করে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৯১৪ ঘ.