ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভুক্ত দুটি কোম্পানির আরো দুই পরিচালক।
এরা হলেন- স্যোসাল ইসলামী ব্যাংকের পরিচালক নাসিরউদ্দিন এবং ফুওয়াং ফুডের পরিচালক রোকেয়া আশরাফ।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের নাসিরুদ্দিন ৪ লাখ ৬০ হাজার এবং রোকেয়া আশরাফ ১০ হাজার শেয়ার কিনবেন বলে জানিয়েছেন।
গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে।
উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি।
এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24