২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা: এনবিআর প্রশ্ন করবে না

উৎস সম্পর্কে কোনো প্রশ্ন ছাড়াই পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বহাল রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎস সম্পর্কে কোনো প্রশ্ন ছাড়াই পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বহাল রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ আর থাকছে না- সোমবার একটি সংবাদপত্রে প্রকাশিত এ খবরে বিভ্রান্তি তৈরি হওয়ার পর মঙ্গলবার সকালে এনবিআর ভবনে সংবাদ সম্মেলন করে নাসিরউদ্দিন বিষয়টি স্পষ্ট করেন। প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগের বিষয়ে তিনি বলেন, “বাজেটে যে সুবিধা দেওয়া হয়েছে, ২০১২ সালের জুন পর্যন্ত তা বহাল থাকবে। আগামী বাজেটে এ সুযোগ থাকবে কী না তা বাজেটের সময় চিন্তাভাবনা করা হবে।” “এনবিআর পরিচালিত হয় আয়কর অধ্যাদেশ, মূল্য সংযোজন কর আইন ও শুল্ক আইনের মাধ্যমে। পুঁজিবাজারে প্রশ্ন ছাড়া অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ আয়কর অধ্যাদেশের অধীনে পড়ে। এক্ষেত্রে এনবিআরের পক্ষ থেকে কোনো ধরণের প্রশ্ন করা হবে না,” যোগ করেন তিনি। সরকারের অন্য কোনো সংস্থা থেকে প্রশ্ন তোলা হবে কী না- জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমি আগেই বলেছি, এনবিআর কয়েকটি আইন বা অধ্যাদেশের আওতায় চলে। সরকারের অন্য সংস্থাগুলোও তাদেও কার্যক্রম পরিচালনা করে সুনির্দিষ্ট আইনের অধীনে। এক্ষেত্রে অন্য সংস্থা প্রশ্ন করবে কী না- তা এনবিআরের বিষয় নয়।” পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে এখন পর্যন্ত তিনটি এসআরও করার ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে কী না- জানতে চাইলে নাসিরউদ্দিন বলেন, “এ নিয়ে বিভ্রান্তির কারণ নেই।” সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দাবির মুখে চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজার ও সরকারি ট্রেজারি বন্ডে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয় সরকার। কিন্তু মুদ্রা পাচারবিরোধী আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্র“প অন মানি লন্ডারিং এ নিয়ে প্রশ্ন তুলে জানতে চায়- এ সুযোগে পুঁজিবাজারে পাচার করা অর্থ কিংবা সন্ত্রাসী অর্থ বিনিয়োগ করা হলে তা চিহ্নিত করা হবে কীভাবে? তখন এনবিআর আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, উৎস সম্পর্কে এনবিআর কোনো প্রশ্ন করবে না। এরপর পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত নভেম্বরে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকের পর এনবিআর থেকে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে আবার জানানো হয়, অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রশ্ন করবে না এনবিআর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/জেকে/১২৩৮ ঘ.