২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কিনতে যাচ্ছেন তিন পরিচালক

পরিচালক হিসেবে টিকে থাকার বাধ্যবাধকতা আরোপের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্সুরেন্সের তিন পরিচালক শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালক হিসেবে টিকে থাকার বাধ্যবাধকতা আরোপের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্সুরেন্সের তিন পরিচালক শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে তাদের এই আগ্রহের কথা জানানো হয়। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। ইউসিবিএলের পরিচালক জাহাঙ্গীর আলম খান ব্যাংকটির ১০ লাখ শেয়ার কেনার ইচ্ছার কথা জানিয়েছেন। অন্যদিকে আল আরাফা ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা ৯ লাখ ও সন্ধানী লাইফ ইন্সুরেন্সের পরিচালক কাজী মাহবুব ৫০ হাজার শেয়ার কেনার ইচ্ছার কথা বলেছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পূরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। তিন প্রতিষ্ঠানের এই তিন পরিচালকের আগেও কয়েকজন পরিচালক একইভাবে শেয়ার কেনার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/জেকে/১৮৫৮ ঘ.