ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ছয় দিন দরপতনের পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক সামান্য বেড়েছে।
সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই সাধারণ সূচকে ওঠানামা চলতে থাকে। বেলা ১২টার পর সূচক বাড়তে থাকলেও শেষ দিকে এসে তা পড়ে যায়।
দিন শেষে সাধারণ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৯ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম। লেনদেন হয়েছে ১৯৭ কোটি টাকার।
রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৮৫ দশমিক ৪৯ পয়েন্ট কমে। এ নিয়ে গত ৬ দিনে সূচক কমে ৪২১ পয়েন্ট।
দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন।
এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবনতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে আসে।
দরপতনের এই ধারা চলছে গত দুই সপ্তাহ ধরেই। গত সপ্তাহে সাধারণ সূচক কমেছে ৩০৪ পয়েন্ট বা ৫ দশমিক ৮১ শতাংশ। তার আগের সপ্তাহে পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪০৫ ঘ.
bdnews24