ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৮৫ দশমিক ৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৬ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ নিয়ে গত ৬ দিনে সূচক কমেছে ৪২১ পয়েন্ট।
টানা দরপতনের কারণে গত কয়েকদিনের মতো রোববারও সকাল থেকেই ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে শত শত বিনিয়োগকারী এতে যোগ দেয়। ফলে ডিএসই ভবনের সামনের সড়কের দু পাশের রাস্তা বন্ধ হয়ে যায়।
সাড়ে তিনটার দিকে বিনিয়োগকারীরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। তারা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং তাদের পদত্যাগ দাবি করে।
বিক্ষোভের কারণে মতিঝিলের শাপলা চত্ত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল কিছু সময় বন্ধ ছিল।।
রোববার লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২১৬টির, বেড়েছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম। লেনদেন হয়েছে ২০৪ কোটি টাকা।
গত কয়েকদিনে মুদ্রা বাজারে তারল্য সংকটের কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে বলে কয়েকজন বাজার বিশ্লেষক জানিয়েছেন।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বেলা সাড়ে ১২টায় বৈঠকটি শেষ হয়।
দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মূখে গত ১৬ নভেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের যা যা করার তা করতে নির্দেশ দেন।
এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবনতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে আসে।
দরপতনের এই ধারা চলছে গত দুই সপ্তাহ ধরেই। গত সপ্তাহে সাধারণ সূচক কমেছে ৩০৪ পয়েন্ট বা ৫ দশমিক ৮১ শতাংশ। তার আগের সপ্তাহে পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/১৬৪৫ ঘ.
bdnews24