ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ‘ইনসাইডার ট্রেডিং’ বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
শনিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) উদ্যোগে বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
এসইসির চেয়ারম্যান বলেন, “বাজারে ইনসাইডার ট্রেডিং যাতে না হয় এবং এতে বিনিয়োগকারীরা যাতে প্রতারিত না হন সে দিকে লক্ষ রাখা হচ্ছে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানিগুলো যাতে ফাঁকি দিয়ে টাকা তুলে নিতে না পারে সে বিষয়ে কমিশন সজাগ রয়েছে।”
“সূচকের উত্থান-পতন নয়, বরং কেউ নিয়ম ভঙ্গ করছে কিনা তা দেখাই এসইসির কাজ। কোনো কোম্পানি যাতে অতিমূল্যায়িত হয়ে বাজারে না আসে সে দিকেও লক্ষ রাখা হচ্ছে”, বলেন তিনি।
খায়রুল হোসেন জানান, কমিশন ইতিমধ্যে কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ, ১৯৬৯ পরিবর্তন করেছে। একই সঙ্গে এসইসির ১৯৯৩ এর আইন পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, বুকবিল্ডিং পদ্ধতি সংস্কার, প্লেসমেন্ট নীতিমালা প্রণয়ন, রাইট ইস্যু নীতিমালা পরিবর্তন করা হয়েছে এবং কোম্পানি আইন পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
খায়রুল হোসেন বলেন, “৩ হাজার ২০০ কোটি টাকা লেনদেনের বাজারে ডিএসই সাধারণ সূচক ছিল ৯ হাজার। তখন বিনিয়োগকারীরা বাজারে গুজবনির্ভর বিনিয়োগ করে আজ দিকভ্রান্ত। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখছে বর্তমান কমিশন।”
চাহিদার সঙ্গে যোগানের পার্থক্যের কারণেই তখন বাজার অস্থির হয়েছিল বলে মনে করেন এসইসির চেয়ারম্যান।
“এছাড়াও পুঁজিবাজার বিশ্লেষণের সক্ষমতা ছিল না বিনিয়োগকারীদের। নতুন কমিশন সে দিকে লক্ষ রেখেই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে নতুন নতুন আইপিও বাজারে আনা হচ্ছে”, যোগ করেন তিনি।
তিনি দাবি করেন, “এ জন্য আমরা সার্ভিল্যান্স ব্যবস্থাকে জোরদার করছি। নতুন সার্ভিল্যান্স ব্যবস্থা চালু হলে অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।”
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হান্নান জোয়ার্দ্দরও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৯২৯ ঘ.
bdnews24