২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের দিনে পুঁজিবাজারে দরপতন

হরতালের মধ্যে সপ্তাহের প্রথম দিন দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। কমেছে লেনদেনের পরিমাণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে সপ্তাহের প্রথম দিন দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। কমেছে লেনদেনের পরিমাণ। প্রায় দেড় শতাধিক কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য পরিবর্তন এবং হরতালের কারণে লেনদেন কমেছে বলে মনে করছেন একজন বাজার বিশ্লেষক। রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর গত সপ্তাহে সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ১৩৬ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৪০৫ পয়েন্ট। নির্ধারিত সময়ের আগে প্রায় সব সদস্য লগ ইন করায় হরতালের মধ্যেও লেনদেন শুরু হয় ডিএসইতে। দরপতন দিয়েই শুরু হয় দিনের লেনদেন। প্রথম আধ ঘণ্টায় সূচক কিছুটা ওঠানামা করলেও এরপর একটানা পড়তে শুরু করে। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ কোটি টাকা। গত সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন ছিল ৩১০ কোটি টাকা। দরপতন ও লেনদেন কমার কারণ জানতে চাওয়া হলে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক াহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর জন্য দুটো কারণ থাকতে পারে। প্রথমত, অভিহিত মূল্য পরিবর্তনের পর অনেকগুলো কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের আজই প্রথম লেনদেন হলো। তাই অনেকেই বাজারের গতি-প্রকৃতি দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ লেনদেনে অংশ নেয় নি। এর ফলে বাজারে লেনদেন কমেছে।” “আবার হরতালের কারণেও লেনদেনে প্রভাব পড়তে পারে”, যোগ করেন তিনি। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশ মেনে রোববার থেকে ১৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য পরিবর্তণ করে ১০ টাকা হয়েছে। তবে ৩টি কোম্পানি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় সেগুলোর শেয়ার ১০০ টাকায় লেনদেন হচ্ছে। কোম্পানি তিনটি হলো আইসিবি, বাংলাদেশ শিপিং করপোরেশন ও জনতা ইন্সুরেন্স। এই ১৩৮টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ড গত সোমবার থেকে বুধবার পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়েছে এবং বৃহস্পতিবার এদের লেনদেন বন্ধ ছিল। এর আগে থেকে ডিএসইতে ১০ টাকা অভিহিত মূল্যে লেনদেন হচ্ছে আরো ১৩৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। তবে রোববার ১০০ টাকা অভিহিত মূল্যের ১৩৪টি কোম্পানির শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে সমন্বয় হওয়ায় এসব কোম্পানি দর কমার তালিকায় চলে যায়। অন্যদিকে একটি মিউচুয়াল এক টাকা থেকে ১০টা অভিহিত মূল্যে আসায় দাম বাড়ার তলিকায় থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/১৬০২ ঘ.