২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারের অর্থ বিদেশে পাচার হয়েছে: খালেদা

পুঁজিবাজার থেকে বিদেশে অর্থ পাচার হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ‘কারসাজির’ মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই অর্থ লুট করা হয়েছে বলে তিনি মনে করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার থেকে বিদেশে অর্থ পাচার হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ‘কারসাজির’ মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই অর্থ লুট করা হয়েছে বলে তিনি মনে করেন। খালেদা বলেছেন, “শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নিয়ে তা ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হয়েছে।” বৃহস্পতিবার গুলশানে নিজের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে মূলত দেশের অর্থনীতির হালচাল নিয়েই কথা বলেন তিনি। শেয়ারবাজার থেকে অর্থ পাচার হয়েছে দাবি করে বিরোধী নেতা বলেন, প্রায় ৩৩ লাখ বিনিয়োগকারী পথে বসেছে। কারসাজির মাধ্যমে তাদের অর্থ লুট করা হয়েছে। বিনিয়োগকারীদের ফটকবাজ বলেছেন অর্থমন্ত্রী। আন্দোলনরত বিনিয়োগকারীদের ‘সুনাগরিক নহে’ বলে কটাক্ষ করা হয়েছে। পুঁজিবাজার স্থিতিশীলে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ‘জোড়াতালি’ অভিহিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “এরপরও বাজার স্থিতিশীল হচ্ছে না। শেয়ারবাজারে বিনিয়োগ করে নিঃস্ব হয়ে যাওয়া হাবিবুর রহমান গত পরশু আত্মহত্যা করেছেন বলে আজ সংবাদ প্রকাশ হয়েছে। এ আত্মহত্যা আমাদের ব্যঙ্গ করছে। এসবের দায় নিয়ে এ সরকারের এখনি পদত্যাগ করা উচিত।” পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খালেদা। তিনি বলেন, “জাতীয় অর্থনীতির সর্বনাশ হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখা যায়নি। আমরা ক্ষমতায় এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৮১২ ঘ.