২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: সূচক লেনদেন দুটোই কমেছে

প্রায় অর্ধেক কোম্পানির লেনদেন বন্ধের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকও কমছে। একই সঙ্গে কমেছে লেনদেনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 05:44 AM

Updated : 24 Aug 2022, 05:17 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধেক কোম্পানির লেনদেন বন্ধের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকও কমছে। একই সঙ্গে কমেছে লেনদেনও। অভিহিত মূল্য পরিবর্তনের জন্য বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকে। সোমবার থেকে বুধবার পর্যন্ত এসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড স্পট মার্কেটে লেনদেন হয়। তবে ১০ টাকা অভিহিত মূল্যের ১৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয় ডিএসইতে। হাতবদল হয় ১৯৫ কোটি ৬৩ লাখ টাকার। বুধবার লেনদেন হয়েছিল ৩১৯ কোটি ৩৪ লাখ টাকা। লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টায় অল্প ব্যবধানের মধ্যে সূচক ওঠানামা করলেও শেষ দিকে এসে সূচক কমেছে। দিন শেষে ডিএসই সাধারণ মূল্যসূচক ৩১ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবার ডিএসই সাধারণ সূচক ১১৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়েছিল। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২টি, কমেছে ৯৬টির ও বদলায়নি ১০টি। এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের অভিহিত মূল্য পরিবর্তনের জন্য ১ ডিসেম্বর অভিন্ন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। আর ৪ ডিসেম্বর থেকে দেশের পুঁজিবাজারে সব প্রতিষ্ঠান শেয়ার ও মিউচুয়াল ফান্ড ১০ টাকা অভিহিত মূল্যে লেনদেন হবে। বর্তমানে ডিএসইতে মোট তালিকাভূক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা ২৭২টি। এরমধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি ও মিউচুয়াল ফান্ড রয়েছে ১৩৪টি। টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। এর ধারাবাহিকতায় পুজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা এসইসি ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে রোববার আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রণোদনা প্যাকেজের চারটি বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ২২ নভেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ করে এসইসি। ২১ নভেম্বর এনবিআর এক ব্যাখ্যায় জানায়, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪০৫ ঘ.