ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সঙ্গে বিনিয়োগকারীদের লাভের পাশাপাশি লোকসান মেনে নিতেও বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী বুধবার সংসদে বলেন, “বিনিয়োগকারীদের বুঝতে হবে, এ ব্যবসায় ঝুঁকি আছে। শেয়ার বাজারে ঝুঁকি নিয়ে যেতে হবে। শুধু লাভ হবে, লোকসান হবে না- এমন ভাবা ঠিক নয়।”
“বাড়ি, জমি বিক্রি করে এবং ব্যাংক ঋণ নিয়ে শেয়ারবাজারে যাবেন না। কারো তালে পড়ে, কানকথা শুনে শেয়ারবাজারে যাবেন না। বুঝে-শুনে সতর্কতার সঙ্গে শেয়ারবাজারে যাবেন,” বলেন তিনি।
পুঁজিবাজারে সা¤প্রতিক অস্থিরতার পর বাজার সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর একগুচ্ছ পদক্ষেপও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “শেয়ারবাজারে যে প্রণোদনা দেওয়া হয়েছে, তাতে সমস্যা হওয়ার কথা নয়।”
টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। এর ধারাবাহিকতায় পুজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ঘোষণা দেয়।
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের ক্ষতি মেটানোর উপায় বের করতে একটি কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রণোদনা প্যাকেজের চারটি বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ হয়েছে। এছাড়া রাজস্ব বোর্ড জানিয়েছে, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩৪০ ঘ.
bdnews24