২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পড়েও উঠে দাঁড়ালো ডিএসই

প্রায় দেড়শ’ কোম্পানির স্পট মার্কেটে লেনদেন, দুটি নতুন কোম্পানির তালিকাভূক্তি আর বিনিয়োগকারীদের নানা জল্পনার ভেতর দিয়ে সপ্তাহের দ্বিতীয় দিন পার করেছে ঢাকার পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 05:22 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড়শ’ কোম্পানির স্পট মার্কেটে লেনদেন, দুটি নতুন কোম্পানির তালিকাভূক্তি আর বিনিয়োগকারীদের নানা জল্পনার ভেতর দিয়ে সপ্তাহের দ্বিতীয় দিন পার করেছে ঢাকার পুঁজিবাজার। ব্যাপক দরপতনের মধ্য দিয়ে সোমবার লেনদেন শুরু হয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে নিয়ন্ত্রক সংস্থা ও কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তৎপরতায় কয়েক দফা ওঠানামার পর লেনদেন শেষ হয়েছে দেড়শরও বেশি সূচক বাড়ার মধ্য দিয়ে। দিনের শুরুতে প্রথম ২০ মিনিটেই ডিএসই সাধারণ সূচক ১৫৬ পয়েন্ট পড়ে যায়। এরপর কয়েক দফা ওঠানামা করে ২১৬ পয়েন্ট যোগ করে লেনদেন শেষ হয়। তবে দিনশেষে সূচক সমন্বয়ের তা ১৬০ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ২২৫ পয়েন্ট। রোববার ডিএসই সাধারণ সূচক ৩০৮ পয়েন্ট কমার পর সোমবারের লেনদেন শুরুতে আবার সূচক কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নানা ধরণের জল্পনা ও গুজব ছড়িয়ে পড়ে। উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিষয়েই বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা ছিল সবচেয়ে বেশি। আর সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পরও দরপতন হচ্ছে কেন সে প্রশ্ন ছিল প্রায় সব বিনিয়োগকারীর কাছেই। দুপুরে লেনদেন চলার সময় আব্দুল লতিফ নামে এক বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “সরকার এতো কিছু ঘোষণা করলো তারপরও বাজার কেন পড়ছে বুঝতে পারছি না।” ওই বিনিয়োগকারী জানতে চান, “৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিষয়ে এসইসির গেজেট প্রকাশ হয়েছে কি না?” রোববার ব্যাপক দরপতনের সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিয়েছেন তা বাস্তবায়িত হলে বাজার অবশ্যই ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু স্পনসর-ডিরেক্টররা কারসাজির মাধ্যমে শেয়ার কম দামে কিনে নিতে চাইছে। আমরা এসইসিকে আহ্বান জানাচ্ছি তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিন।” সোমবার সকালে দরপতন শুরু হলে বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর সামনে বিক্ষোভ দেখিয়েছে। এদিকে সোমবার সকালে দরপতন শুরু হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কিনতে বলে এসইসি। একটি সরকারি মার্চেন্ট ব্যাংকের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সকালে দরপতন শুরু হলে এসইসি ও আইসিবি থেকে আমাদের শেয়ার বিক্রি করতে নিষেধ করে কেনার জন্য অনুরোধ করা হয়। আমরাও বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করতে নিষেধ করে কিনতে বলেছি।” ডিএসইতে আগের দিনের চেয়ে সূচক বাড়লেও লেনদেন কমেছে। সোমবার ডিএসইতে হাতবদল হয়েছে ৩৩১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১৯ কোটি ৭৯ লাখ টাকা কম। বৃহস্পতিবার অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড তারিখের জন্য সোমবার থেকে ডিএসইতে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে ১৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। স্পট মার্কেটে লেনদেনের জন্য নগদ টাকার লাগার কারণে সোমবার লেনদেন কমেছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির দাম। এদিন ডিএসইতে তালিকাভূক্ত হয়েছে বস্ত্র খাতের জাহিন টেক্সটাইল এবং খাদ্য ও আনুসঙ্গিক খাতের রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস। প্রথম দিনে জাহিন টেক্সের প্রতিটি শেয়ারের দাম ৮৪ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ৪৬ টাকা ১০ পয়সা এবং রংপুর ডেইরির প্রতিটি শেয়ার ১১৬ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ৩৯ টাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬২১ঘ.