২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পট মার্কেটে ১২৭ কোম্পানির শেয়ার

অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড তারিখের আগে সোমবার থেকে তিনদিন স্পট মার্কেটে লেনদেন হবে ঢাকা এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ১২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিহিত মূল্য পরিবর্তনের রেকর্ড তারিখের আগে সোমবার থেকে তিনদিন স্পট মার্কেটে লেনদেন হবে ঢাকা এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ১২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ডিএসই জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করতে গত ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হবে। বর্তমানে ডিএসইতে মোট তালিকাভূক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা ২৭১টি। এরমধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানি ও মিউচুয়াল ফান্ড রয়েছে ১৩৩টি। বাকি ১২৪টি কোম্পানির শেয়ার ও ১৪টি মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য পরিবর্তন করে ১০ টাকা করতে হবে। এই ১৩৮টি কোম্পানি ও মিউচয়াল ফান্ডের মধ্যে ১১টি কোম্পানি ‘জেড’ ক্যাটাগরির হওয়ায় তারা আগে থেকেই স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড তারিখ নির্ধারিত থাকায় বৃহস্পতিবার এই ১৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হবে না। রেকর্ড তারিখের আগে ‘এ’, ‘বি’ ও ‘এন’ ক্যাগারির কোম্পানির তিন দিন এবং ‘জেড’ ক্যাটাগরির ৯ দিন স্পট মার্কেটে লেনদেন হওয়া বাধ্যতামূলক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯২১ঘ.