ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজার স্থিতিশীল করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ঘোষণা করা প্রণোদনা প্যাকেজ সূচকের নিম্নগতি ঠেকাতে পারেনি। কমছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
রোববার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩০৮ দশমিক ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহের প্রথম দিনে হাতবদল হওয়া মিউচুয়াল ফান্ড ও শেয়ারের মধ্যে ২৪৭টিরই দাম কমেছে। বেড়েছে ৭টির। লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার, যা গতদিনের চেয়ে প্রায় ৭৯ কোটি টাকা কম।
দরপতনের কারণে দুপুর দুইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে সাধারণ বিনিয়োগকারীরা বিক্ষোভ করে। দুপুর সাড়ে তিনটার দিকে তারা বিডিডিএল ভবনে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিয়েছেন তা বাস্তবায়িত হলে বাজার অবশ্যই ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু স্পনসর-ডিরেক্টররা কারসাজির মাধ্যমে শেয়ার কমদামে কিনে নিতে চাইছে। আমরা এসইসিকে আহ্বান জানাচ্ছি তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিন।”
বুধবার পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও বিদেশি বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ করে করে দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এ ঘোষণা আসার প্রেক্ষাপটেও বুধবার সাধারণ সূচক ২২৪ পয়েন্ট কমে। তবে সেদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়ায়।
বৃহস্পতিবার এসইসির প্রণোদনা প্যাকেজের চারটি বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় মাত্র দশমিক ৬৪ পয়েন্ট। লেনদেন হয় ৫৩০ কোটি টাকার শেয়ার।
টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত ১৬ নভেম্বর পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে।
মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ করে এসইসি।
সোমবার এনবিআর এক ব্যাখ্যায় জানায়, পুজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬০০ঘ.
bdnews24