২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকের পর লেনদেন বেড়েই চলেছে। সূচকের ঊর্ধ্বগতির সঙ্গে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 05:30 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহ শুরুর দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। সূচকের ঊর্ধ্বগতির সঙ্গে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। রোববার হাতবদল হয়েছে ৪৭৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি। লেনদেন শুরুর ৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাধারণ সূচক এক লাফে প্রায় ১২৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর তা কিছুটা কমলেও দুপুর দুইটা থেকে আবার সূচক বাড়তে থাকে। দিন শেষে সূচক ১৪৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৩ দশমিক ২২ পয়েন্ট দাঁড়িয়েছে। রোববার ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৫টির, কমেছে ১৬টির। বদলায়নি ৩টির দর। টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত বুধবার পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে 'যা যা প্রয়োজন' তা করার ঘোষণা আসে। জরুরি বৈঠক শেষে জানানো হয়, পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় রেখে দু-এক দিনের মধ্যে তিন মেয়াদের পরিকল্পনা ঘোষণা করা হবে। এছাড়া কোনো প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ থাকবে এবং ব্যাংকগুলো আরো বিনিয়োগ বাড়াবে বলে জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন বাড়ে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। সূচক বেড়েছিল ১৭৯ পয়েন্ট। অবশ্য প্রধানমন্ত্রীর বৈঠক ডাকার খবরে বুধবারও সূচক বেড়েছিল। সে দিন লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৩৩৮ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৫ ঘ.