ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে ব্যাংক মালিকদের নেতা নজরুল ইসলাম মজুমদার বলেছেন, অল গুড নিউজ।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুঁজিবাজার সংশ্লিষ্ট ২০ জনের বেশি কর্মকর্তাকে নিয়ে প্রধানমন্ত্রীর এ বৈঠক চলে প্রায় চার ঘণ্টা।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, এসইসি চেয়ারম্যান ব্রিফ করবেন।
সপ্তাহের প্রথম তিন দিন ব্যাপক দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রেক্ষাপটে বুধবার সন্ধ্যায় এ বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গণভবনের ব্যাংকোয়েট হলে বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ছিলেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন, এসইসির চার সদস্য হেলালউদ্দিন নিজামী, আমজাদ হোসেন, এ সালাম সিকদার ও আরিফ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদও বৈঠকে অংশ নেন।
অর্থ বিভাগের সচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, এনবিআর সদস্য আমির হোসেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদাকে বৈঠকে দেখা গেছে।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ-আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, ব্যাংক উদ্যোক্তা-মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শেফায়েত উল্লাহ, পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবীর এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিনও বৈঠকে উপস্থিত ছিলেন।
টানা কয়েকদিন দরপতন চললেও পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক ডাকার প্রেক্ষাপটে বুধবার দেশের দুই পুঁজিবাজারে বেশিরভাগ শেয়ারের দাম বাড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/এমআই/পিডি/২৩৩৯ ঘ.
bdnews24