২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শেয়ার কারসাজির সন্দেহ

পুঁজিবাজারের টানা দরপতনের পেছনে কোনো ধরনের কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। রিয়াজুল বাশার-এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কম মূল্যে' শেয়ার কেনার জন্য কারসাজি করে পুঁজিবাজারে দরপতন ঘটানো হচ্ছে কি না, তা নিয়ন্ত্রক সংস্থাকে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২২৮ পয়েন্ট কমে হয়েছে ৪ হাজার ৬৪৯ পয়েন্ট। দরপতনের ধারাবাহিকতায় গত ১২ দিনে ডিএসই সাধারণ সূচক প্রায় ১ হাজার পয়েন্ট কমে দুই বছর আগের অবস্থায় চলে এসেছে। এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) প্রায় ৩৬২ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৬০৫ পয়েন্ট। একটি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আজ শুরু থেকেই শেয়ার কিনছিলাম। বাজারের শুরুটাও ভালোভাবেই হয়েছিলো। কিন্তু ২৫ মিনিটের মাথায় এমন বিক্রির চাপ আসতে শুরু করলো যে হঠাৎ করেই বড় পতন হয়ে গেলো।" গত রোববার ও সোমবার সাধারণ সূচক ৩৪১ পয়েন্ট কমার পর মঙ্গলবার তা বাড়ার মধ্য দিয়েই ডিএসইতে লেনদেন শুরু হয়। কিন্তু উর্ধ্বগতি ২৫ মিনিটের বেশি স্থায়ী হয়নি। প্রথম ২৫ মিনিটে সাধারণ সূচক প্রায় ৪২ পয়েন্ট বেড়ে যায়। এ সময় দাম বৃদ্ধির তালিকায় চলে আসে প্রায় ১৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। কিন্তু এরপরই শুরু হয় সূচকের পতন। ১১টা ২৫ থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে সূচকের পতন হয় প্রায় ৯০ পয়েন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "কোনো একটি গ্র"প হয়তো সংঘবদ্ধভাবে দাম কমিয়ে শেয়ার কেনার জন্য কৃত্রিমভাবে বিক্রির চাপ সৃষ্টি করছে। এখানে কোনো কারসাজি হচ্ছে কি না, তা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসিকে) খতিয়ে দেখা উচিৎ।" তিনি মনে করেন, পুঁজিবাজার স্থিতিশীলে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের মনোভাব খুবই ইতিবাচক। "তাই বাজার খারাপ হওয়ার কোনো কারণ দেখছি না," বলেন মার্চেন্ট ব্যাংকের ওই কর্মকর্তা। বাজারে দরপতন চললেও 'শক্ত' মৌলভিত্তির শেয়ারের ক্রেতার অভাব দেখা যায়নি। কিন্তু এসব ক্রেতারা সর্বনিু মূল্যে কেনার জন্য দর বসিয়ে রেখেছেন। মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই ট্রেডিং বোর্ডে দেখা যায়, বাজারের সবচেয়ে বড় কোম্পানি গ্রামীণফোনের ২০ হাজার ৭০০টি শেয়ার কেনার জন্য অর্ডার বসিয়ে রাখা হয়েছে। কিন্তু বিক্রির জন্য অর্ডার আছে মাত্র ৮ হাজার শেয়ারের। ক্রেতা বেশি থাকলেও গ্রামীণফোনের শেয়ার ৫ দশমিক ৯১ শতাংশ কমে মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ১৪৬ টাকা ৫০ পয়সায়। একই প্রবণতা লক্ষ্য করা গেছে 'শক্ত' মৌলভিত্তির অধিকাংশ শেয়ারের ক্ষেত্রে। বিক্রেতার তুলনায় বেশি সংখ্যক ক্রেতা থাকলেও দর বসিয়ে রাখা হয়েছে সর্বনিু পর্যায়ে এবং প্রায় সব কোম্পানিই দর হারিয়ে লেনদেন শেষ করেছে। তবে কয়েকটি কোম্পানির শেয়ার ক্রেতাশূন্য অবস্থায় লেনদেন শেষ করেছে। "সাধারণত ক্রেতা বেশি থাকলে দাম বাড়ার কথা, কিন্তু এখানে হচ্ছে তার উল্টো," বলেন ওই কর্মকর্তা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামও মনে করেন, কারসাজি হচ্ছে কি না তা নিয়ন্ত্রক সংস্থার খতিয়ে দেখা উচিৎ। সা¤প্রতিক দরপতনকে 'ব্যাখাতীত' উল্লেখ করে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, কোনো কারসাজি হচ্ছে কি না- তা গভীরভাবে খতিয়ে দেখা উচিৎ বলে আমি মনে করি।" টানা দরপতনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ চালিয়ে আসছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। বিক্ষোভ হচ্ছে চট্টগ্রামেও। গত বছরের শেষ দিকেও পুঁজিবাজার অস্থিতিশীল হয়ে উঠলে বিক্ষোভে নামে বিনিয়োগকারীরা। এরপর সরকার অস্থিতিশীলতার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন ওই কমিটি তদন্তে বেশ কয়েকটি অনিয়মের ঘটনা চিহ্নিত করে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে এসইসি কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭০৬ ঘ.