২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় হতে এসইসির অনুরোধ

পুঁজিবাজারে আরো সক্রিয় ভুমিকা রাখার জন্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতি আবারও অনুরোধ জানিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারে আরো সক্রিয় ভুমিকা রাখার জন্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতি আবারও অনুরোধ জানিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের মুখপাত্র মো. সাইফুর রহমান সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, "বাজার স্থিতিশীল করতে ব্যাংক, ব্রোকার, ডিলারসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু ব্যাংক বিনিয়োগে সক্রিয় রয়েছে।" তিনি জানান, 'ফোর্স সেল' যাতে না হয় সেজন্য হাউজগুলোর প্রতি আবারও নির্দেশনা দেওয়া হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, "গত দুদিন ধরে বাজারে নিুমুখী প্রবণতা রয়েছে। যা কমিশন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাজার পরিস্থিতির উন্নতির জন্য সোমবার সকাল থেকেই কমিশন সরকারের ঊর্ধ্বতন মহলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছে।" তিনি দাবি করেন, বাজারের অভিভাবক হিসেবে একটি স্থিতিশীল পুঁজিবাজার গঠনে কমিশন সচেষ্ট রয়েছে। বুধবার সকালে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ-এর সঙ্গে এসইসি একটি বৈঠক করবে বলে জানান সাইফুর। ওই বৈঠকে বর্তমান পরিস্থিতিতে বাজারের জন্য করণীয় বিষয় কমিশনের পক্ষ থেকে তুলে ধরা হবে। এর আগে দুপুর পৌনে তিনটায় সাধারণ বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল এসইসির চেয়ারম্যান মো. খায়রুল হোসেনের সঙ্গে দেখা করে শেয়ারবাজারে লেনদেন বন্ধ করার দাবি জানান। স্থিতিশীল পুঁজিবাজার গঠনে এসইসিকে আরো কার্যকর ভুমিকা রাখার অনুরোধ করেন তারা। বিনিয়োগকারীদের দাবি প্রসঙ্গে সাইফুর রহমান জানান, বিনিয়োগকারীদের বক্তব্য কমিশন শুনেছে। তাঁদের দাবি দাওয়া কমিশন বিবেচনা করবে। এর আগে দুপুরে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী কয়েকজন বিনিয়োগকারীকে সঙ্গে নিয়ে বেলা ১২ টার দিকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে যান। তিনি এসইসির সদস্য আরিফ খানের সাথে দেখা করে পুঁজিবাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৯১৪ ঘ.